মেহেরপুরের গাংনীতে দ্রুতগতির বাসের
ধাক্কায় মোকারম হোসেন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক মোতালেব হোসেন (৩৮)।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে
৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোকারম হোসেন এসিআই ফুডের বিক্রয়
প্রতিনিধি এবং আহত মোতালেব হোসেন প্রাণের বিক্রয় প্রতিনিধি। তাদের বাড়ি যথাক্রমে কুষ্টিয়ার
খোকসা উপজেলা ও রাজশাহীর বাঘা উপজেলায়।
হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই
ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা
গেছে, সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মোটরসাইকেলে বামন্দীর
দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব। তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী
লোকাল বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেল চালক মোতালেব রাস্তার
পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। বাসের চাকায় পিষ্ট
হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বামন্দী
বাসটি আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল থেকে গাংনী থানার এস আই আতিকুর
রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া
এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।










