পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে রাজনীতি হচ্ছে। একটা মহল রিজার্ভ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। রিজার্ভ কিছুদিন কমলেও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর কারণে এখন বাড়তে শুরু করেছে। প্রবাসীরা তাদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছেন। তারা আমাদের রিজার্ভ বৃদ্ধির মহানায়ক।

আমাদের রিজার্ভ তলানিতে থাকার প্রশ্নই ওঠে না।  রিজার্ভ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ডলারের দামের ওপর সরকারের একটি প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল, বিশ্ববাজারের চাপে তা ভেঙে পড়েছে। তাই ডলারের দাম বেড়ে গিয়েছিল। এখন আবারো ডলারের দাম কমতে শুরু করেছে।

গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হাছন রাজা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমরা জায়গার খোঁজ করছি ছোট ছোট বিমান যেন নামতে পারে এ জেলায়। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক বন্যার সময় বিমানবন্দরের অভাবে নামতে না পেরে হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি দেখেছেন। সুনামগঞ্জের উন্নয়নে সবকিছু করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয় নিয়ে সচেতন আছে। যারা কায়িক শ্রম দিয়ে জীবনযাপন করেন, তাদের প্রতি ন্যায়বিচার করা প্রয়োজন। তারা দারিদ্র্য ও অবিচারের শিকার। চা বাগানের শ্রমিক কল্যাণে অনেক সংস্কারের প্রয়োজন আছে।

জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে ও যোগেশ্বর চন্দ্র দাস প্রমুখ।