ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছে ১৩৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৬, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৯ এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৩২ জন ভর্তি হয়েছে।

এছাড়া বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রামে ৩২৩, খুলনায় ২৬৭, ময়মনসিংহে ১১৫, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৬২ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩৬। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত আটজনের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৩ জনের।

এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭০ হাজার ২৫৭ জন। হিসাব অনুযায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ২৪০ জন।

চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে নারী ৫২ দশমিক ৬ শতাংশ ও পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।