জাতীয় সংসদে গতকাল নরসিংদী-৫ আসনের সরকার দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
এরই মধ্যে ১৪টি পাটকল লিজ দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে এসব লিজপ্রাপ্ত পাটকলে প্রায় ৭ হাজার ৫০০ শ্রমিক কর্মরত। প্রতিদিন প্রায় ১২০ টন পাটপণ্য উৎপাদন হচ্ছে। আরো ছয়টি পাটকল লিজ দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন নরসিংদী জেলার তিনটি পাটকল এ উদ্যোগের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।
এর মধ্যে বাংলাদেশ জুট মিলস লিমিটেড ও ইউএমসি জুট মিলস লিমিটেড—দুটি পাটকল এরই মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেয়া হয়েছে বলে জানান খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশ জুট মিলস লিমিটেডে প্রতিদিন প্রায় ৪০ টন পাটপণ্য উৎপাদন হচ্ছে আর ইউএমসি জুট মিলস লিমিটেডে সোয়েটার উৎপাদন হচ্ছে। এ দুটি পাটকলে বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০ শ্রমিক কাজ করছেন। অবশিষ্ট পাটকল কো-অপারেটিভ জুট মিলস লিমিটেড লিজ দেয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।










