টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মহেড়া রেলস্টেশনে হাইড্রোলিক ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
গরমের কারণে ট্রেনের হাইড্রোলিক ব্রেক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান জানিয়েছেন। ঘটনার প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পর রাজশাহীর উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
এলাকাবাসী জানায়, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থামানো হয়। ‘ট’ বগির কয়েকজন যাত্রী নিচে নেমে হাইড্রোলিক ব্রেকের স্থানে আগুন দেখতে পান। খবর পেয়ে স্টেশনের ও ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান জানান, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি থামানোর সময় গরমের কারণে হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে লাফিয়ে নিচে নামার কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতের সংখ্যা ১০ জনের মতো হবে। এ ঘটনায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন মির্জাপুর রেলস্টেশন থেকে কিছুটা বিলম্বে ছাড়ে।










