চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই–মার্চ সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৯ শতাংশ। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন।
রোববার (২৬ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাবে, অর্থবছরের প্রথম নয় মাসে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৭৫ হাজার ৬০৭ কোটি ২৪ লাখ টাকা।
গত পাঁচ অর্থবছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ওঠানামা করেছে। ২০২১–২২ অর্থবছরে সর্বোচ্চ ৪৫ দশমিক শূন্য ৫ শতাংশ বাস্তবায়ন হলেও পরবর্তী বছরগুলোয় তা ধারাবাহিকভাবে কমেছে। গত অর্থবছরে একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৩৬ দশমিক ৬৫ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বিদেশী ও দেশীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর মধ্যে ব্যবধানও তুলে ধরা হয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পে বাস্তবায়ন হার ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ হলেও বিদেশী সহায়তাপুষ্ট প্রকল্পে তা ৪০ দশমিক শূন্য ৮ শতাংশ।
আইএমইডি জানায়, সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা বরাদ্দের মধ্যে ব্যয় হয়েছে ৪২ হাজার ২৯৩ কোটি টাকা। অন্যদিকে বিদেশী সহায়তা ও স্বায়ত্তশাসিত সংস্থার প্রকল্পে তুলনামূলকভাবে বেশি ব্যয় হয়েছে।
খাতভিত্তিক কার্যকারিতাতেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৭৪ দশমিক ১৬ শতাংশ বাস্তবায়ন নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে, এরপরে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ৬৯ দশমিক ৬৮ শতাংশ, খাদ্য মন্ত্রণালয় ৬৫ দশমিক ৫০ শতাংশ, গণপ্রশাসন কমিশন ৬০ দশমিক ৩৬ শতাংশ, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ৫৬ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে, জাতীয় সংসদ সচিবালয়সহ কয়েকটি বিভাগ এ সময়ে কোনো ব্যয়ের তথ্য জানায়নি। জননিরাপত্তা বিভাগ ৯ দশমিক শূন্য ৮ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১০ দশমিক ২০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১২ দশমিক ১৫ শতাংশ এবং বাণিজ্য মন্ত্রণালয় ১৩ দশমিক ৬৮ শতাংশ বাস্তবায়ন করেছে।
২০২৬ সালের মার্চ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ৫ দশমিক ৮৮ শতাংশ, যা গত বছরের একই মাসের ৬ দশমিক ৭৮ শতাংশ হারের চেয়ে সামান্য কম, যা মাসিক বাস্তবায়নের নিম্নমুখী অগ্রগতি নির্দেশ করে।










