চাঁদপুরে সড়ক, খাল, সেতুসহ ৬৫টি অবকাঠামো নির্মাণকাজ চলছে। স্থানীয় পর্যায়ে নির্মিত এসব অবকাঠামোর জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

চলমান কাজগুলোর মধ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে ৩০টি সড়ক রক্ষণাবেক্ষণ, ৪০ লাখ টাকা ব্যয়ে হাজীগঞ্জ-ভাটরা-শিবপুর সেতু নির্মাণ, ৩০ কোটি টাকা ব্যয়ে ৩৫টি সড়ক উন্নয়ন, ৫০ লাখ টাকা ব্যয়ে হাজীগঞ্জের দেশগাঁও ইউনিয়ন পরিষদ ভূমি অফিস নির্মাণ ও ২ কোটি টাকা ব্যয়ে খাল প্রকল্পের কাজ শেষ হয়েছে। এছাড়া সদর উপজেলার মহামায়া ও টোরাগড়ে ৪ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর কাজ চলমান।

এলজিইডি কর্তৃপক্ষ জানায়, এসব উন্নয়নকাজ বাস্তবায়নের ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ সুবিধা পাচ্ছে। তাদের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে এসব অবকাঠামো ভূমিকা রাখছে। এ জেলায় প্রতিষ্ঠালগ্ন থেকে এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এলজিইডির নির্বাহী প্রকৗশলী মো. আহসান কবির জানান, উন্নয়ন প্রকল্প প্রণয়নে অবকাঠামোর তথ্যভাণ্ডার, ম্যাপ, কারিগরি বিধিনিষেধ ও ম্যানুয়াল ইত্যাদি প্রণয়ন এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও কর্মদক্ষতা বাড়াতে সংস্থার নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে এলজিইডি। সারা দেশে এলজিইডি উন্নয়নকাজ করে রেকর্ড গড়েছে।