বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ বৈঠক হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের রফতানি পণ্যের বড় গন্তব্য। বাণিজ্য বাধা কমালে উভয় দেশের বাণিজ্য আরো বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কারসহ নীতিগত বিভিন্ন পরিবর্তনে সহযোগিতা দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা বাড়ানো ও বাণিজ্যনীতি প্রণয়নে সহযোগিতার আগ্রহও জানান তিনি।

এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।