বিএনপি চাইলে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিএনপি যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে  সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।

আজ শনিবার সকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করেছেন। ভুলে গেলে চলবে না বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধাদি দেয়া প্রয়োজন তাকে সেটা দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, আখাউড়ায় ইউপি নির্বাচনে কাউকে দলীয় নৌকা প্রতীক দেয়া হবে না। যার যে পদে ইচ্ছা নির্বাচন করতে পারবে। তবে নৌকার উপর ভর করে নয়, আপনারা নিজের জনপ্রিয়তায় নির্বাচিত হয়ে আসুন এটাই আমি চাই। জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেয়া হয়েছে। নির্বাচনে যাতে কারচুপি না হয় সে ব্যবস্থা করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আখাউড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।