অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আজ বুধবার ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৪৩ কেন্দ্রে গোপন কক্ষে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

গাইবান্ধা-৫ আসনে ভোটার আছেন মোট তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। আওয়ামী লীগের মাহমুদ হাসান নৌকা প্রতীক নিয়ে ও জাতীয় পার্টির (জাপা) এএইচএম গোলাম শহীদ লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন।

এ আসনে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে এবারই প্রথম ইলেকট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।