ফরিদপুরে ট্রাকের সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে ভাই-বোন ও ভগ্নিপতি। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুর, রাঙ্গামাটি ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। ঘন কুয়াশায় টাঙ্গাইল ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
যশোর: কেশবপুর উপজেলার ভাল্লুকঘর এলাকার মিজানুর রহমান (৩৫) স্ট্রোক করে এক মাস ধরে অসুস্থ। তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল সকালে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্ত্রী নীলা (২৫) ও শ্যালক নিশান (২৩)। তারা ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা তিনজনই নিহত হন।
নিহত মিজানুর রহমান একটি বেসরকারি ঋণদান সংস্থার শাখা ব্যবস্থাপক ছিলেন। আর নিশান রাজগঞ্জ বাজারে একটি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক। তার বোন নীলা গৃহিণী ছিলেন।
মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, বিষয়টি তাদের কেউ জানায়নি। তবে নিহত ব্যক্তিদের পরিবার কোনো আইনি সহায়তা চাইলে সহযোগিতা করা হবে।
দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ট্রাক্টর চালকের নাম জুহিন (২৩)। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে নিহত অন্যজন বাসচালকের সহকারী অথবা যাত্রী।
রাঙ্গামাটি: পানিভর্তি ট্যাংক পরিবহনের সময় ট্রাক উল্টে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের লেমুছড়ি রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম কেনি চাকমা (৩২)। তিনি ওই এলাকার অংচিং মারমার (চন্দন) স্ত্রী।
ঝিনাইদহ: জেলার মহেশপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ইব্রাহিম হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মণ্ডলের ছেলে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
মুন্সিগঞ্জ: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। আহত যাত্রীদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।
টাঙ্গাইল: ঘাটাইলে ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন।










