সুন্দরবনে হরিণ শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ। ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। গতকাল উদ্ধারের পর বাঘটিকে খাঁচায় করে সুন্দরবন থেকে বের করে নিয়ে আসা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘বাঘটিকে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
এর আগে শনিবার বন বিভাগের কাছে খবর আসে, শরকির খালের কাছে হরিণ ধরার ফাঁদে আটকা পড়েছে একটি বাঘ। জায়গাটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির অন্তর্গত বনাঞ্চল। পরে ভেটেরিনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল নিয়ে বন বিভাগের কর্মীরা সেখানে যান এবং বাঘটিকে উদ্ধার করেন।
বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বাঘটিকে প্রথমে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়। পরে সেটিকে ফাঁদ থেকে ছাড়িয়ে উদ্ধার করা হয়েছে। তবে উৎসুক জনতার চাপে বাঘ নিয়ে বন থেকে বের হতে আমাদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে।’










