কক্সবাজারের রামুতে অস্ত্র ও গোলাবারুদসহ মুবিনুর রহমান রুবেল নামে এক যুবদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিনি উপজেলার গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং কুখ্যাত ডাকাত শাহিনের সেকেন্ড ইন কমান্ড বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা এলাকায় থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রামু থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

রামু থানা ওসি তদন্ত মো. ফরিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মুবিনুর রহমান রুবেলকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দেশীয় এলজি, ৫টি কার্তুজ, ৪টি গুলি, রামদা, লোহার রড ও হাতুড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, রুবেল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাত শাহিনের অন্যতম সহযোগী হিসেবে যুক্ত ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুবদলের রাজনীতির প্রভাব খাটিয়ে ডাকাত শাহীনের চোরাচালানসহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।

রামুর যুবদল নেতা এমডি সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ৫ আগস্টের পরে টাকার বিনিময়ে মুবিনুর রহমান রুবেলকে গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি করা হয়েছে। দুঃসময়ের রাজপথের নেতা-কর্মীরা প্রতিবাদ করলেও উপজেলা এবং জেলার নেতারা বিষয়টি আমলে নেয়নি।

এদিকে মুবিনুল হক যুবদলের গর্জনিয়া শাখার কোনো পর্যায়ের দায়িত্বশীল পদে নেই এবং বর্তমানে যুবদলের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই বলে বিবৃতির মাধ্যমে জানিয়েছে ইউনিয়ন যুবদল।