পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে মাসব্যাপী ট্রাকে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পরিষদ জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার ভূমি অভি দাস।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি ও সয়াবিন তেল ২ লিটার। প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৪৫০ টাকা। তবে এ কার্যক্রম শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত চলমান থাকবে। জেলা সদরের এ ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন।
এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও নিম্ন ও মধ্যবিত্তদের স্বস্তি দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।










