এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে কোটা সবচেয়ে কম দাবি করে আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিসিএস পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায়
নিয়োগ প্রায় ৭০ শতাংশের মতো। ৩৩, ৩৪, ৩৫
এ তিনটি বিসিএসে ৭২ শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে, যেখানে কোটায়
নিয়োগ পেয়েছে ২৮ শতাংশ। শূন্য পদগুলোতে মেধা তালিকা থেকে নেয়া হয়েছে। কোটায় প্রার্থী
না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে পূরণ করা হচ্ছে, সেখানে আন্দোলনের যৌক্তিকতা
নেই।
শনিবার (১৩ জুলাই) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ
সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া হয়। বর্তমানে কোটায় ভারতে ৬০ শতাংশ, পাকিস্তানে ৯২.৫ শতাংশ, নেপালে ৪৫ শতাংশ, শ্রীলংকায় ৫০ শতাংশ নিয়োগ দেয়া হয়। এ পরিসংখ্যান থেকে দেখা যায় আমাদের আর্থ-সামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজন রয়েছে।
এ সময় সংবিধানের বাইরে গিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই দাবি করে কোটাবিরোধীদের
আইনের মাধ্যমে দমন করার ইঙ্গিত দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের
সংবিধান ও সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত সংবিধানের ১৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে, মানুষে মানুষে সামাজিক, অর্থনৈতিক অসাম্যঞ্জস্য নিরোধের জন্য নাগরিকদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরো বলেন, সংবিধানে বলা হয়েছে, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে
নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অথচ গত কয়েক বছরে সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি
হতাশাজনকভাবে কমেছে।
কোটা না থাকায় পুলিশে মাত্র চারজন নারী অফিসার সুযোগ পেয়েছে, ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে মাত্র দুজন। ৫০টি জেলায় নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পাননি। ২৩টি জেলায় একজনও পুলিশে চাকরি পাননি। সংবিধানের উল্লেখিত বিধানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাতে সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে সবাই যেন সমানভাগে সুযোগ পায়। সেজন্যই কোটার ব্যবস্থা রাখা হয়েছে।
সংবিধানের বা আদালতের বিরুদ্ধে যাওয়ায় আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নিবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।










