সাতক্ষীরা-যশোর মহাসড়কে মাহেন্দ্র ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৮টায় কলারোয়া থেকে মাহেন্দ্রযোগে সাতক্ষীরার দিকে আসছিলেন মোস্তাফিজুর রহমান। পথিমধ্যে ঝাউডাঙ্গার ওয়ারিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের (আলমসাধু) সঙ্গে মহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।