দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৮০টি শিশু। সোমবার (৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় নিশ্চিতভাবে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৬ শিশু।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৭। এ সময়ে ৯০৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ রোগী, এবং ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন।