জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের একটি দলের কর্মীরা নৌকায় ভোট দেননি। তারা সাধারণ মানুষকে নৌকায় সিল মারা থেকে বিরত রাখতে পারেননি। তাদের ভোটেই আওয়ামী লীগ সরকার গঠন করেছিলেন। সে কারণেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাচ্ছে সাধারণ মানুষ। যার সুবিধা বিরোধী দলের কর্মীরাও ভোগ করছে।’
গতকাল সকালে সদর উপজেলার কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাহলেই আগামীতে এ দেশটিকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।










