ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপ ঘোষণার জন্য আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে বললেন ইসির অতিরিক্ত সচিব আখতার আহমেদ। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‎

রোডম্যাপ কবে ঘোষণা করবেন- এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এটার (রোডম্যাপ) জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।

‎

‎এর আগে দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। শিগগিরই প্রকাশ হতে পারে।

‎সম্প্রতি, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। আর তফসিল হবে তার দুমাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।

জানা গেছে, রোডম্যাপে ভোটের প্রস্তুতির বিষয়ে ইসির পক্ষ থেকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয়েছে।