পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা এটা তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারব না। আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমাদের অনেক রাজনীতিবিদ প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন। বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে, দেশের আইনে মানে তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়। মারামারি হানাহানি নয়।  শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা জাতি আশা করে।

গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের হাওর এলাকা সবসময় অবহেলিত। এখন একটি বড় কাজ হচ্ছে সেটি হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন এখন হাওরবাসী পূরণ করতে পারবে। এরই মধ্যে উপাচার্য নিয়োগ হয়েছে। ধীরে ধীরে আরো কাজ হবে আশা করি।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্য এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে, আরো আসবে। আমরা সবসময় চেষ্টা করি, মানুষ যেন স্বস্তিতে থাকে।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেমন হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরমেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল প্রমুখ।