একের পর এক ইতিহাস গড়ে চলা ওনস জাবের ও এলেনা রিবাকিনা আজ আরেক বড় ইতিহাসের সামনে। দুজনই প্রথমবারের মতো উঠেছেন গ্র্যান্ড স্লাম ফাইনালে। অল ইংল্যান্ড ক্লাবে আজ উইম্বলডন ফাইনালে লড়বেন একে অন্যের বিপক্ষে। জিতলে প্রথমবারের মতো পাবেন গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ।
তিউনিসিয়ান খেলোয়াড় ওনস জাবের সেমিফাইনালে জার্মানির তাতিয়ানা মারিয়াকে ৬-২, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। প্রথম কোনো আরব নারী হিসেবে গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন তিনি। এছাড়া ১৯৬০ সালের পর এই প্রথম কোনো আফ্রিকান নারী উইম্বলডন ফাইনালে উঠলেন। সর্বশেষ এ কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার স্যান্দ্রা রেইনল্ডসের।
মেয়েদের আরেক সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন কাজাখস্তানের রিবাকিনা। গ্র্যান্ড স্লামের এককে কাজাখস্তানের প্রথম নারী খেলোয়াড় হিসেবে তিনি ফাইনালে ওঠার কৃতিত্ব দেখান।
দ্বিতীয় র্যাংকধারী ওনসের বিপক্ষে ফাইনাল নিয়ে ২৩ নম্বর র্যাংকধারী রিবাকিনা বলেছেন, আমি মনে করি, এটা দারুণ ম্যাচ হবে (ওনস জাবেরের বিপক্ষে)। সে অসাধারণ এক খেলোয়াড়, কুশলীও বটে। তার ড্রপ শট ও ভলির বিপক্ষে খেলাটা সহজ হবে না। আমি মনে করি, ভালো একটি ম্যাচ হবে। আমি মনে করি, আমার অর্জন অনেকটাই হয়ে গেছে, এখন শুধু কোর্টের বাইরে সময়টা উপভোগ করতে হবে।
রাশিয়ায় জন্ম হলেও ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন রিবাকিনা। দেশটি তাকে অপেক্ষাকৃত বেশি আর্থিক সুবিধা দেয়ার প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হয়ে যান। এখন তিনি প্রথম কাজাখ খেলোয়াড় এককে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছেন। উল্লেখ্য, উইম্বলডনে রাশিয়ার খেলোয়াড়রা নিষিদ্ধ। তার মানে নাগরিকত্ব পরিবর্তন না করলেও আজ ফাইনালে ওঠা হতো কি তার?
উইম্বলডনের পুরুষদের সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। তলপেটের চোটজনিত কারণে তিনি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নাম প্রত্যাহারের ঘোষণা দেন। এতে ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠে গিয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরিওস। টিকিট যেভাবেই আসুক না কেন, ক্যারিয়ারে এই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন তিনি। রোববার ফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচ ও ব্রিটেনের ক্যামেরন নরির মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবেন কিরিওস।
নাদাল নিশ্চিত করেন, তার তলপেটের মাংসপেশি ছিঁড়ে গিয়েছে, যে কারণে তাকে দুই মাসের মতো খেলা থেকে দূরে থাকতে হবে।








