১৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ‘সেদিন বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সেনাবাহিনী। 

গতকাল আইএসপিআরের পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, উক্ত প্রতিবেদনে শুধু ভারতীয় পত্রিকা ‘দ্য উইক’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে যে সংবাদ প্রকাশ হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়সংক্রান্ত যেকোনো তথ্য সঠিকভাবে উপস্থাপনের জন্য আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করাই সমীচীন।

এতে বলা হয়, প্রকৃতপক্ষে উক্ত বৈঠকটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত একটি অভ্যন্তরীণ বৈঠক, যা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সুষ্ঠুভাবে এর সমাপ্তি ঘটে। দেশপ্রেমী ও পেশাদার সেনাবাহিনীসংক্রান্ত এ ধরনের সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রত্যাশা করে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য চেইন অব কমান্ডের প্রতি দৃঢ় আনুগত্য ও বিশ্বস্ততা বজায় রেখে দায়িত্ব পালন করে, যার প্রতিফলন তারা প্রতিনিয়ত প্রমাণ করেছে এবং করছে। ভবিষ্যতে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের প্রতিফলন বাংলাদেশ সেনাবাহিনী আশা করে। —আইএসপিআর