লালমনিরহাটে একটি ভুট্টা ক্ষেতের ভেতর থেকে মস্তকবিহীন তরুণীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণীর মস্তক উদ্ধার ও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাড়ালদা এলাকার একটি ভুট্টাক্ষেতের ভেতর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম ও আবু বক্করসহ একাধিক ব্যক্তি জানান, বুধবার দুপুরে ভুট্টা ক্ষেতের মালিক আনুমানিক ২৫-৩০ বছর বয়সী তরুণীর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লালমনিরহাট থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মস্তকবিহীন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ সময় পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশ পরিচয় শনাক্ত করতে ও মস্তকটি উদ্ধারে চিরুনি অভিযান চালায়। কিন্তু ওই তরুণীর পরিচয় শনাক্ত করা ও মস্তকটি উদ্ধার করতে পারেনি।
জানতে চাইলে ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ বণিক বার্তাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে বুধবার ভোর রাতে ভাড়ালদা এলাকার একটি ভুট্টা ক্ষেতে গণর্ষণের পর হত্যা করে খুনিরা মস্তকটি নিয়ে গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী বণিক বার্তাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মস্তকবিহীন মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের জন্য লালমনিরহাট সিআইডি, ডিবি, রংপুর থেকে পিবিআই ও সিআইডি এসেছিল। কিন্তু এখন পর্যন্ত মস্তকটি উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত তরুণীর পরিচয়ও শনাক্ত করা যায়নি। স্থানীয় শত শত মানুষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের চারদিকে কয়েক কিলোমিটার ভুট্টা ও তামাক ক্ষেত খুঁজে দেখা হয়েছে। কোথাও মস্তকটি পাওয়া যায়নি। মরদেহের পাশে একটি মাঙ্কি টুপি ও এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।
তিনি আরো বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা ওই তরুণীর পরিচয় শনাক্ত ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।










