ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘গ্রাসরুট গ্রান্ট প্রকল্প’ হস্তান্তর গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ক্লাসরুম ও টিচার্স রুম সংস্কার এবং উন্নয়নে ৭৫ লাখ টাকা দিয়েছে ঢাকার জাপানি দূতাবাস।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল, জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইয়েদুর রহমান, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলমসহ অনুষদের ফ্যাকাল্টি সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রকল্পের অধীনে আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানিজ ভাষা ও সংস্কৃতি প্রোগ্রামের জন্য তিনটি নতুন ক্লাসরুম ও তিনটি টিচার্স রুম তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জাপানি রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, ‘আমি মনে করি সংশ্লিষ্ট সবাই এই ক্লাসরুমগুলো দক্ষতার সঙ্গে ব্যবহার করবেন এবং এই ক্যাম্পাসে জাপানকে নিয়ে যাদের আগ্রহ আছে তাদের মধ্যে বিভিন্ন সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নের একটি প্লাটফর্ম হিসেবেও একে কাজে লাগানোর চেষ্টা করবেন।’ —বিজ্ঞপ্তি










