ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জীবন ও সম্পদ রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত 'মহাপরিচালকের প্রশংসা' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন ইউনিটের ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে 'মহাপরিচালকের প্রশংসা' ইনসিগনিয়া, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি প্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে প্রশংসাপ্রাপ্তদের পক্ষে নেত্রকোনার উপসহকারী পরিচালক জাকির হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে এ স্বীকৃতি চালুর জন্য মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে মহাপরিচালকের নিবিড় তদারকিরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য দেন। পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।










