রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলার অনুমতি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

শনিবার (১৩ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা’ সংক্রান্ত ট্রাফিক বিভাগের সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান।

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, প্রধান রাস্তায় অটোরিকশা চলাচলে কোনো ধরনের অনুমতি নেই। ব্যাটারিচালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্পগতির যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্ধারণের কাজ চলছে।

মেহেদী হাসান বলেন, আপনারা জানেন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এ সপ্তাহে তিনটি পরীক্ষা আছে, কাল রোববার (১৪ জুলাই) একটি, ১৬ তারিখে একটি এবং ১৭ তারিখে আরেকটি। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্ম দিবস। প্রথম কর্ম দিবসে মানুষের সড়কে চলাচল বৃদ্ধি পায়, এটিও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এছাড়াও সোমবার (১৫ জুলাই) উল্টো রথযাত্রা আছে। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবেন। সারা ঢাকা শহরে তাদের গমনাগমন বৃদ্ধি পাবে।

তিনি বলেন, পাশাপাশি ১৭ তারিখে মুসলমান ধর্মাবলম্বীদের আশুরা আছে। তাজিয়া মিছিল আছে। এই সময়টাতে যানজট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহের চ্যালেঞ্জগুলো সামনে রেখে সব বিভাগের উপকমিশনার তাদের মতো করে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারেন সে ব্যাপারে সবাই পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন।