চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১৮৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পরিবহন খাতে। এ সময়ে এ খাতে নিহত হয়েছেন ১০৭ শ্রমিক।
আজ মঙ্গলবার বিকালে রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে আয়োজিত ‘নিরাপদ কর্মপরিবেশ: সবাই মিলে সবার জন্য’ শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংস্থাটি এ জরিপ করেছে।
এতে বলা হয়, বছরের প্রথম প্রান্তিকে নিহত শ্রমিকদের মধ্যে একজন ছাড়া বাকি ১৮৫ জনই পুরুষ। খাতভিত্তিক হিসাবে কৃষি খাতে ১৯ জন, নির্মাণ খাতে ১৪ জন, প্রবাসী শ্রমিক ১১ জন, দিনমজুর ১১ জন, মৎস্য খাতে ৯ জন, বিদ্যুৎ খাতে ৬ জন এবং অন্যান্য খাতে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন।
এ সময় বিভিন্ন খাতে আহত হয়েছেন মোট ৩৩৫ শ্রমিক। এর মধ্যে ৩১৯ জন পুরুষ ও ১৬ জন নারী। আহতের সংখ্যা সবচেয়ে বেশি তৈরি পোশাক খাতে, যেখানে ২৫০ শ্রমিক আহত হয়েছেন।
সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনার পাশাপাশি নির্যাতন ও বলপ্রয়োগের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে তিন নারীসহ মোট ৯২ শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪০ জন নিহত এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন।
সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন মৎস্য খাতের শ্রমিকরা। এ খাতের ২২ শ্রমিক জলদস্যু ও সীমান্ত এলাকায় আরাকান আর্মি কর্তৃক অপহরণের শিকার হয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়।
এছাড়া তৈরি পোশাক খাতে নির্যাতনের শিকার হয়েছেন ২০ শ্রমিক, যাদের মধ্যে একজন নিহত হয়েছেন। প্রবাসী শ্রমিক নির্যাতনের শিকার ১৯ জনের সবাই নিহত হয়েছেন বলে জানানো হয়।










