স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মবের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা বিভিন্ন কারণে পুলিশের যানবাহনসহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি রয়েছে। আপনারা জানেন, ৫ আগস্ট পুলিশের অনেক থানা ও গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। আর আমরাও এখনো তাদেরকে নতুন গাড়ি দিতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। তাছাড়া পুলিশ সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়া চলমান। সে কারণে পুলিশ আগের চেয়ে তৎপর ও কর্মোদ্যমী হয়েছে। উপদেষ্টা এ সময় আগামীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে হলে পুলিশের অধস্তন ফোর্সদের থাকা, খাওয়াসহ থানার অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধাদি আরো উন্নত করা প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের ঘটনা ঘটতেই পারে। তবে মুখ্য বিষয় হচ্ছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কিনা। ভবিষ্যতে যাতে কোনো গোষ্ঠী সংঘবদ্ধ মব সৃষ্টি করতে না পারে এবং সন্ত্রাসী বা অপরাধীরা অপরাধ ঘটাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। গণমাধ্যম কর্মীদের সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এতে জনগণ সঠিক তথ্য পাবে, দেশের পরিস্থিতি শান্ত থাকবে। দেশ ও জনগণের মঙ্গল হবে।