পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) প্রতিনিধিদল। আজ সোমবার পুলিশ সদর দপ্তরে রাইলে পামারট্রির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করে।
বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবেলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় আইজিপি এফবিআইর সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)—এর পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইর সহায়তা বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্ব দেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










