অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশে জেন্ডারকেন্দ্রিক কোনো বৈষম্য থাকবে না। সরকারের সংস্কার কার্যক্রম সফল করতে সব স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

আজ শনিবার (৮ মার্চ) ঢাকার এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

উপদেষ্টা বলেন, নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে। ২০২৪ সালে নতুন বিজয় এসেছে। নারীদের পোশাক ও আচরণ নিয়ে যারা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে। নারী ও শিশু ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, আজ ১০ জন নারীকে সম্মাননা দেয়া হলো। তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, অন্যদেরও উৎসাহিত করবেন। এলজিইডির সব কাজে নারীদের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন - নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ মিয়া।