টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম। তিনি জানান, সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেট কারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে বলেও জানান সাজেদুল ইসলাম।