কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরো এক জেলের মরদেহ। এ নিয়ে মোট ৬ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় সৈকতের পশ্চিম কুতুবদিয়া পাড়া পয়েন্টে মরদেহটি ভেসে আসে। তবে মরদেহটির নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে সি সেইফ লাইফ গার্ডের ওসমান গণি জানান, সৈকতের পশ্চিম কুতুবদিয়া পাড়া পয়েন্টে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে পুলিশ মরদেহটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মছিউর রহমান বলেন, রোববার ভোরে এক জেলের মরদেহ ভেসে আসে। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

 

বৈরী আবহাওয়ার কারণে উপকূলে ফিরতে পারেনি কক্সবাজারের ৮টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে ৭০ জন মাঝি-মাল্লা রয়েছে। যাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

 

নিখোঁজ ট্রলারগুলো হলো, এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম, এফবি নজির ও এফবি জনি।

 

ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ঝড়ো হাওয়া আকারে বৃষ্টিপাত হওয়ায় উপকুলে ফিরছিলেন জেলেরা। এরই মধ্যে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেছে। তারমধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলে জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো প্রায় ৭০ জন। গত দুই দিনে মোট ছয়জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।