উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরো জানান, ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে। মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, ‘জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে এ বন্দরের গুরুত্ব বিবেচনায় কিছু সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম শুরু করা হবে, যা এ অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, যোগাযোগ ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।’

তিনি বলেন, ‘অল্প কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে চট্টগ্রাম বন্দরের মতো দ্রুত সময়ে সফল এবং পুরোপুরি সক্ষম বন্দরে প্রতিষ্ঠিত হবে মোংলা বন্দর।’

উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের কোন বৈষম্য থাকবে না উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘মোংলা বন্দরের যে সম্ভাবনা আছে তার শতভাগ ব্যবহার করে এই বন্দরকে প্রস্তুত করা হবে।’

মোংলা বন্দরের সঙ্গে প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের বাতিল বা স্থগিত হওয়া উন্নয়ন চুক্তি আবার চালু করা হবে কি না জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, ‘দেশের স্বার্থ রক্ষা করেই পুনর্বিবেচনা করা হবে। তবে যেসব চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চুক্তি আবার করা যাবে কি না সেটিও ভেবে দেখা হবে।’