কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি নেতা (মাঝি) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মোজাম্মল (৩২), কামাল হোসেন, মোহাম্মদ সিদ্দিক (৪০) ও জুবায়ের (৩০)। তারা রোহিঙ্গা ক্যাম্প ২০ এর বাসিন্দা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. সিরাজ আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প-১৯ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুরকে (৩০) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বুধবার ১৩ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সামিরা বেগম (২১)।