রংপুর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদি ও এক হাজতির মৃত্যু হয়েছে। এরা হলেন, কুড়িগ্রামের জিয়াউর রহমান ও লালমনিরহাটের জাহানারা বেগম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, কুড়িগ্রাম জেলার জিয়াউর রহমান (৫২) নামে এক ব্যক্তি মাকে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। তাকে ২০১৪ সালে রংপুর কারাগারে স্থানান্তর করা হয়। ওই কয়েদি মানসিক রোগী ছিলেন। রংপুরে তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। একই দিন সকালে জাহানারা (৫৮) নামে এক হাজতি রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একটি জালিয়াতির মামলায় গত ৪ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় কারাগারে আসেন। জাহানারা উচ্চমাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়।

মোকাম্মেল হোসেন বলেন, ‘দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’