শীর্ষ বাছাই স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে সবার আগে ফাইনালে উঠে গেলেন তৃতীয় বাছাই নোভাক জোকোভিচ। রোলাঁ গারোঁয় গতকাল রাতের সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে প্রতিপক্ষকে হারান সার্বিয়ান সুপারস্টার। এটা ফ্রেঞ্চ ওপেনে তার সপ্তম ফাইনাল। আগে ছয়বার ফাইনাল খেলে শিরোপা জিতেছেন দুবার। 

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের অনুপস্থিতিতে এবার ফ্রেঞ্চ ওপেনে ফেভারিট হিসেবে শুরু করেন ২২ বারের মেজরজয়ী জোকোভিচ। উঠতি তারকা কার্লোস আলকারাজও ছিলেন ফেভারিটদের তালিকায়। গতকাল সেমিফাইনালে মুখোমুখি হন এই দুই তারকা। দুর্দান্ত টেনিস খেলে জোকোভিচকে চোখ রাঙাচ্ছিলেন ২০ বছর বয়সী আলকারাজ। তবে তৃতীয় সেটে গিয়ে পায়ের চোটে পড়েন তিনি। দুবার মেডিকেল শুশ্রূষা নিয়ে খেলে গেলেও শেষ রক্ষা আর হয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞ জোকোভিচ টানা দুই সেট জিতে নেন। 

গ্র্যান্ড স্লামে এই প্রথম জোকোভিচের মুখোমুখি হন তরুণ আলকারাজ। জোকোভিচের এটা ছিল ৪৫তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল আর আলকারাজের দ্বিতীয়। সবদিক দিয়ে অভিজ্ঞতার কাছে হার মানলেন খেলোয়াড়টি। 

গত বছর সেপ্টেম্বরে ইউএস ওপেন জয় করেন আলকারাজ, যা তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। এরপর তিনি উঠে আসেন র‍্যাংকিংয়ের এক নম্বরে। রোলাঁ গারোঁয় সেমিফাইনালে ওঠায় তাকে ঘিরে প্রত্যাশা বাড়ে। যদিও সেমিফাইনালে থামল তার দৌড়।