জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসমুল হক টুকু বলেছেন, ‘বিশ্বের মোড়লরা একেকটি দেশকে একেকভাবে বিবেচনা করে কথা বলে। একটি দেশের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা সংবিধানসম্মতভাবেই চলে। এক্ষেত্রে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সমুচিত নয়। আগামী নির্বাচন সাংবিধানিকভাবেই হবে। নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই।’
গতকাল মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও ওই বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দীকা সেতু।










