প্রায় ৯ মাস পর ১২ ক্যাটাগরিতে ওমানের শ্রম বাজার খুলতে যাচ্ছে।
চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে দেশটি।
মঙ্গলবার (৯ জুলাই) বিকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক
শেষে এ কথা জানান দেশটির রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি।
প্রতিমন্ত্রী জানান, দেশটিতে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশী অভিবাসীকেও
বৈধ করবে দেশটির সরকার। এছাড়া অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফেরও বিষয় ভাবছে তারা।
গত বছর অক্টোবরে ওমানের শ্রমবাজার বন্ধ হয়ে যায়। লম্বা এ বিরতি
শেষে আবারো খুলতে যাচ্ছে এ বাজারটি। আর এই বিষয়েই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে
সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত।
দীর্ঘ আলোচনা শেষে দেশটির রাষ্ট্রদূত বলেন, ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে
তারা। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ দক্ষ জনবল নেয়া হবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেয়ার বিষয়ে
ওয়ার্কিং কমিটি প্রস্তাবনা দেবে। এ সময় দেশটিতে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশী অভিবাসীকেও
বৈধ করবে দেশটির সরকার।
এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১০ লাখ বাংলাদেশী কর্মী কাজ করছেন।










