কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২১ সম্মাননা পেয়েছেন ২২ জন। গত রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সবসময় বাজেটে কৃষিকে প্রাধান্য দিচ্ছেন, বিশাল পরিমাণ ভর্তুকি অব্যাহত রেখেছেন।’ বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘এ সরকার কৃষিকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করছে।’
কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন, ‘নীতিমালা অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে চারটি পর্যায়ে নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে ২২ জনকে এবার এআইপি সম্মাননা দেয়া হয়েছে।’
চার দশকের বেশি সময় কৃষি নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ এআইপি সম্মাননাপ্রাপ্ত চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাইখ সিরাজ বলেন, ‘ছোট্ট একটা ভূখণ্ডের যে মানুষগুলো খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সবসময় অবহেলিত ছিল। এ সরকার সেই সব মানুষকে সম্মানিত করেছে।’










