ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে গতকাল সকালে উড়োজাহাজ চলাচল ২ ঘণ্টা বন্ধ ছিল। ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান ও বেসরকারি ‘এয়ার এস্ট্রা’ এয়ারলাইনসের দুটি ফ্লাইট নির্দিষ্ট সময়ে সৈয়দপুরে অবতরণ করতে পারেনি।

এদিকে শরৎকালে এমন ঘন কুয়াশাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রকৃতিতে ষড়ঋতু এখন আর নির্দিষ্ট পরিক্রমা অনুযায়ী দৃশ্যমান হয় না। এর অন্যতম কারণ হলো বাতাসে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়া।

আজ ২৯ আশ্বিন, শরৎ শেষ হতে আরো দুদিন বাকি। এরপর আসবে হেমন্ত, তার দুই মাস পর শুরু হবে শীতকাল। কিন্তু শরৎ শেষ না হতেই নীলফামারী ও আশপাশের জেলায় ঘন কুয়াশা পড়তে শুরু করেছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন সংবাদমাধ্যমকে জানান, গতকাল ভোর ৬টায় ঘন কুয়াশার কারণে বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা আরো কমে যায়, যা সকাল ৮টার দিকে ছিল ৩০০ মিটারের কম। এ কারণে দুটি ফ্লাইট সময়মতো অবতরণ করতে পারেনি। পরে কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষণে বলা হয়েছে, সৈয়দপুর ও দিনাজপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ডিমলায় ২৩ দশমিক ৬ ও রাজারহাটে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বণিক বার্তাকে বলেন, ‘এখন আর প্রকৃতিতে ষড়ঋতুর পরিক্রমা সঠিকভাবে বিদ্যমান নেই। কয়েক দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। প্রকৃতিতে কুয়াশা দেখা যাচ্ছে। রাত গভীর হলে তাপমাত্রা কমছে এবং কুয়াশার ঘনত্ব বাড়ছে। আগামী দিনগুলোয় তাপমাত্রা আরো কমে যেতে পারে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে।’ এয়ার এস্ট্রার জনসংযোগ কর্মকর্তা সাকিব হাসান শুভ বণিক বার্তাকে জানান, গতকাল সকাল সাড়ে ৭টায় তাদের একটি ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু ঘন কুয়াশার কারণে অবতরণ করতে না পেরে ফিরে আসে। পরে কুয়াশা কেটে গেলে ফের রওনা হয়।

বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বণিক বার্তাকে জানান, গতকাল সকাল ৭টা ১০ মিনিটে তাদের একটি ফ্লাইট উড্ডয়ন করে। এটি সকাল ৮টা ১০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি আবার ঢাকায় ফিরে আসে। এরপর আবার রওনা হয়ে বেলা ১১টার দিকে সেটি সৈয়দপুর পৌঁছে।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, ‘যেহেতু জলবায়ুর উপাদানগুলোর তারতম্য ঘটছে, বিশেষ করে প্রকৃতিতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণেই ঋতু বৈচিত্র্য ঠিক থাকছে না। ছয় ঋতুর প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে না। মূলত শীত, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর প্রভাবই আমাদের কাছে এখন দৃশ্যমান। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’