২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সাথে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ২% নির্ধারণ করা হয়েছে। এতে হজের খরচ বাড়বে। এ কারণে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ২০২৬ সালের হজের ন্যায় ১% বহাল রাখার অনুরোধ করেন ধর্মমন্ত্রী।

সৌদি রাষ্ট্রদূত জানান, এ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি পত্র তিনি গতকাল হাতে পেয়েছেন এবং তা সুপারিশসহ সৌদি সরকারকে পাঠিয়েছেন। তিনি এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। এছাড়া, দ্বিপক্ষীয় যে কোনো বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ আধা-সরকারি পত্রে ক্যাটারিং ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ডি এর মূল্যমানের অনুরূপ সার্ভিস প্যাকেজ-৩ এর সেবামূল্য নির্ধারণের কথা উল্লেখ রয়েছে।

মন্ত্রী এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে রাষ্ট্রদূতের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান। একইসাথে সার্বিক হজ ব্যবস্থাপনা সুন্দর, সুশৃঙ্খল ও মসৃণ করার জন্য সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

এ বৈঠকে দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো মজবুত ও সুসংহত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এ বৈঠকে দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।