মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। কমিটি গঠনের প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এর মেয়াদ হবে ৩০ দিন।

সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকটে গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন দেবে। সরকার ও বিরোধী দল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজর বিরল। এর আগে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল।

এর আগে গত ২৩ এপ্রিল ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে দেশের ভেতরে উদ্ভূত জ্বালানি সংকট নিরসনে এ কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি দলের পক্ষ থেকে কমিটিতে রয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (সভাপতি), প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

বিরোধী দলের সদস্যরা হলেন— সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।