গতকাল বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি।

জানাজার সময় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানও সেখানে দেখা যায়। জানাজা শেষে ভ্যান থেকে নেমে তিনি শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজকে দেখেন। এরপর দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেয়া হয়। সেখানেই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাতে গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা যান। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।