রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- রাজশাহী নগরের হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) এবং একই গ্রামের আদরী (৩৫)।
এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারীসহ আরো তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। স্বজনদেরও খবর দেয়া হয়েছে। তারা আসার পর মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত হবে।










