বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে ‘এমভি মা বাবার দোয়া’ নামের ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্টগার্ড মোংলা সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, বুধবার দুপুরে ৯৯৯-এ কল আসে যে, একটি মাছ ধরার ট্রলার চারদিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে। ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছিল। খবর পেয়ে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের দুবলা আউটপোস্ট থেকে চার সদস্যের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে ট্রলারটির অবস্থান শনাক্ত করে। এ সময় ১৩ জেলেকে উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধার করা ট্রলারটির মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা ট্রলারটি নিজস্ব ব্যবস্থাপনায় দুবলার চরে নিয়ে মেরামত করবে এবং সুবিধাজনক সময়ে বরিশালে নিয়ে যাবে।
জানা গেছে, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকে যায়। জেলেরা জানান, ট্রলারে থাকা খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছিল। এরপর ৯৯৯-এ ফোন করলে কোস্টগার্ড দ্রুত উদ্ধার অভিযানে নামে।










