অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানিয়েছেন, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
জানা গেছে, গত ১ মে বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে হাসপাতালে নেয়া হলে আইসিইউ সাপোর্ট প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। সেখান থেকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তরের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলেও গত রোববার তাকে আবার লাইফ সাপোর্টে নেয়া হয়। পরদিন সোমবার দিবাগত রাত ১টায় তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেয়া আতাউর রহমান সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি।
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান আর নেই










