নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর রামপুরা, বগুড়া ও ভোলায় আরো তিনজনের প্রাণহানি হয়েছে। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নাটোর: গতকাল ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় নাটোরগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক সোহাগ হোসেন এবং তার সহকারী এস আর বিপ্লব নিহত হন। সোহাগের বাড়ি নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া, বিপ্লব টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা।

ঢাকা: রাজধানীর রামপুরা ডিআইটি রোডে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানাতে না পারলেও পুলিশের ধারণা, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। গতকাল সকাল ৬টার দিকে বেটারলাইফ হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পথচারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি।

বগুড়া: শহরের রহমাননগর জব্বার ক্লাবের পাশে পৌরসভার রোলারচাপায় আকতার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুরে রহমাননগরে নিজ বাড়ি থেকে তিনি পাশের একটি দোকানে যাচ্ছিলেন। সেখানে থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

ভোলা: অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা বুড়ির মসজিদসংলগ্ন ভোল-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মাসহ আরো একজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ। সে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মঞ্জুরুল আলমের ছেলে।

মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মামুন আল রশীদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজন যাত্রী আহত হলেও এ ঘটনায় কেউ নিহত হননি।