ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেছেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১২ জুলাই) বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করেন। গতকাল কোটাসংস্কার আন্দোলনের কর্মসূচিতে পুলিশি অভিযানের প্রতিবাদে আজ দেশব্যাপী ক্যাম্পাসে-ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে বৃষ্টির কারণে সমাবেশ শুরু হতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অধিকাংশ সড়কে পানি জমেছে। এতে অনেকের আসতে বিলম্ব হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই এরই মধ্যে অনেকে চলে এসেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে শুক্রবার আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল করব।










