সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে শরীফ উদ্দিন নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর কুড়ালিয়া হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লোকমান মিয়া নামের আরো একজন আহত হন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ভোরে উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর কুড়ালিয়া গ্রামের পাশে কুড়ালিয়া হাওরে শরীফ উদ্দিন ও লোকমান মিয়া নামের দুই জেলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ হাওরে প্রচণ্ড ঝড়োবাতাস ও ঢেউে তাদের নৌকা ডুবে যায়। এ সময় লোকমান মিয়া সাঁতার কেটে হাওরের তীরে উঠতে পারলেও শরীফ উদ্দিন পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। ৭-৮ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে।
পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার এসআই মাসুদ পারভেজ জানান, হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে নৌকা ডুবে শরীফ উদ্দিন নামের এক জেলের মৃত্যু হয়েছে।
আরেকজন আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










