টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখীপুর সড়কের টেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মির্জাপুর উপজেলার গয়রাতৈল এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান, তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম, নগর ভাতগ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে আকাশ মিয়া, নয়াপাড়া গ্রামের শমেজ উদ্দিনের ছেলে নাজমুল হোসেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। লাশ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।










